ঢাকা | মে ৪, ২০২৬ - ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম

রাজধানীতে মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

  • আপডেট: Monday, May 4, 2026 - 8:41 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ রোডের একটি মেস থেকে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আবিদ হাসান জিসান (২৬) কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিবিএস ও ইন্টার্নশিপ শেষ করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।

আবিদের বন্ধু ও রুমমেট দীপ্ত সিংহ জানান, তারা দুইজনেই কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে পাস করে গত তিন মাস ধরে ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিভাগে চাকরি করছিলেন। শাহবাগের ওই মেসে তারা একসঙ্গেই থাকতেন।

দীপ্ত বলেন, সকালে বের হওয়ার সময়ও আবিদকে স্বাভাবিক দেখে গিয়েছি। দুপুরে তার বড় ভাই ফোন করে জানান যে আবিদ ফোন ধরছে না। পরে রুমে গিয়ে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত আবিদ হাসান চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া গ্রামের আহসান হাবিবের ছোট ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও আদরের।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
তার বড় ভাই জাহিদ হাসান কান্নায় ভেঙে পড়ে বলেন, প্রতিদিন দু-তিনবার ওর খবর নিতাম। আজ সকালেও কথা হলো। দুপুরে বারবার ফোন দিয়েও না পেয়ে ওর বন্ধুকে পাঠাই। জিসানের হাই প্রেশার ছিল, নিয়মিত ওষুধ খেত। কিন্তু এভাবে সে চলে যাবে তা ভাবিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানায় অবহিত করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।