ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম

খেলাধুলা শিশুদের শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ড. মাসুদ 

  • আপডেট: Friday, April 24, 2026 - 12:11 pm

মো. রিয়াজ, বাউফল প্রতিনিধি।। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করছেন পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বাউফল পাবলিক ফিল্ডে প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মা-বাবার আদেশ মানা এবং ধর্মীয় বিধান মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মাদক থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।

তিনি আরও আশা প্রকাশ করেন, আজকের এই শিশু খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় দল এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্য খেলোয়াড় তৈরি হবে।

দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পর্যায়ক্রমে উপজেলার সব প্রাইমারি বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সালেহ আহমেদ।

এ সময় বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ, প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি, শামীমা জাহান লাইজু, রাবেয়া খাতুন কচি, মহিউদ্দিন তালুকদার সবুজ মাস্টারসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।