রাজস্থলীতে বর্ষবরণ উৎসবে কাপ্তাই জোনের আর্থিক সহায়তা
রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় নতুন বর্ষবরণ উদযাপন উপলক্ষে আয়োজিত মাহাত্ম সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন আর্থিক সহায়তা প্রদান করেছে।
জানা যায়, উপজেলার খাগড়াছড়ি পাড়ার যুব-যুবতীদের উদ্যোগে আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে আবেদনপত্রের প্রেক্ষিতে কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আবীর আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে তিনি আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সতর্ক থাকবে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ উদ্যোগে খাগড়াছড়ি পাড়ার যুব সদস্যরা কাপ্তাই জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহযোগিতা স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, মাহাত্ম সাংগ্রাই জল উৎসব পার্বত্য অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উৎসব, যা প্রতি বছর স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। রাজস্থলী এলাকায় কাপ্তাই জোন দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সহায়তা দিয়ে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানা গেছে।











