ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম

লামা বানিয়ারছড়া হতে গজালিয়া সড়কের উন্নয়ন কাজ নিয়ে বিভ্রান্তির অবসান

  • আপডেট: Sunday, April 19, 2026 - 5:50 pm

মুহাম্মদ কামরুজ্জামান, লামা (বান্দরবান)।।

লামা উপজেলা ফাইতং ইউনিয়নে রাস্তা সংস্কার উন্নয়ন (এলজিইডি’র) কাজে ঠিকাদারের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। অবশেষে কাজ নিয়ে সকল গুজবের অবসান হলো।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল তিনটায় ফাইতং বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই একজন সংবাদকর্মীর সঙ্গে ঠিকাদারের স্বজনরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তাদের অভিযোগ, ইতিপূর্বে আদিল আহমেদ নামের এই সংবাদকর্মী ঠিকাদারের কাছ থেকে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে আদিল আহমেদ তার ফেসবুক লাইভে রাস্তার কাজ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে অশোভন কথাবার্তা প্রচার করছেন। ওই ক্ষোভ থেকে অবহিতকরণ অনুষ্ঠানে লাইভ প্রচারকালে আদিল আহমেদের মোবাইল কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ সঙ্গীয় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে অবহিতকরণ সভা ও গণশুনানি শুরু হয়।

সভাসূত্রে জানা যায়, ফাইতং সড়কটি সংস্কার উন্নয়নের জন্য বান্দরবান এলজিইডি দরপত্র আহ্বান করেন। তিন কোটি ৫৬ লাখ টাকা চুক্তিতে কাজটি পান টেন্ডারে অংশগ্রহণকারী সি.আই.পি ফরিদুল আলমের প্রতিষ্ঠান ‘চকরিয়া ডেভেলপমেন্ট সোসাইটি’। তিন পার্বত্য জেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বানিয়ারছড়া হতে গজালিয়া সড়কের চেইনেজ ২ হাজার হতে ৪ হাজার ৫০ মিটার, মোট দৈর্ঘ্য ২ হাজার ৫০ মিটার। ১লা এপ্রিল/২৬ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কাজের লেআউট দেয়। এদিকে কাজ শুরু হতে না হতেই ৩ এপ্রিল থেকে কাজের মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান প্রশ্ন তুলতে থাকে স্থানীয়রা। এ বিষয়ে ‘আমার সংবাদ’ পত্রিকার সংবাদদাতা আদিল আহমেদ রাস্তার কাজে অনিয়মের দাবি করে তার ‘Adil Ahamed Chowdhury’ নামের ফেসবুক লাইভে প্রচার করতে থাকেন।

অপরদিকে কাজের ঠিকাদার ও তদারকি কর্তৃপক্ষ লামা এলজিইডি অফিস এসব অভিযোগ অস্বীকার করে জানান, কাজ মাত্র শুরু হয়েছে; সুতরাং অনিয়ম করার প্রশ্ন আসে না। এদিকে কাজের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার অপপ্রচার হচ্ছে দাবি করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরিদুল আলম সি.আই.পি জানান, তাদের ব্যবসায়িক ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করার জন্য আদিল আহমেদ এই বিব্রতকর তথ্য ছড়াচ্ছেন।

অবশেষে বিভ্রান্তি অবসানের জন্য ঠিকাদার ফরিদুল আলম স্থানীয় বাসিন্দাদের নিয়ে রাস্তা উন্নয়ন প্রকল্পের বিষয়ে অবহিতকরণ ও গণশুনানির আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, লামা উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ, কাজের ঠিকাদার (সি.আই.পি) ফরিদুল আলম, ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জাবেদ মাহমুদ, এনসিপি নেতা এরফানুল হক, চকরিয়া লক্ষ্যাচর ইউপির সাবেক চেয়ারম্যান নুর মুহাম্মদ মানিক, ফাইতং ইউনিয়ন বিএনপি সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে লামা ও চকরিয়া উপজেলায় কর্মরত বেশ কয়েকজন সংবাদকর্মী ও চকরিয়া-পেকুয়াসহ স্থানীয় দুই শতাধিক জনতা উপস্থিত ছিলেন। সভায় কাজের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন লামা উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ।

চলমান কাজটি কার্যাদেশমতে আসন্ন বর্ষার আগে সম্পন্ন করার জন্য ঠিকাদারকে তাগাদা ও সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানান বান্দরবান নির্বাহী প্রকৌশলী। যোগাযোগে ফাইতংবাসীর দুর্ভোগ লাঘবে কাজের গুণগত মান বজায় রাখতে এলজিইডি ও ঠিকাদারকে সজাগ থাকার আহ্বান জানান এনসিপি নেতা এরফানুল হক। শেষে অনুষ্ঠানজুড়ে বিশৃঙ্খল অবস্থার জন্য দুঃখ প্রকাশ ও সবার পক্ষে ক্ষমা প্রার্থনা করেন চকরিয়া লক্ষ্যাচর ইউপি সাবেক চেয়ারম্যান নুর মুহাম্মদ মানিক।