ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

হরমুজ প্রণালী ফের বন্ধ : ফিরে গেলো ভারতগামী ১০ জাহাজ

  • আপডেট: Saturday, April 18, 2026 - 8:46 pm

ডেস্ক রিপোর্ট।। হরমুজ প্রণালি ইরান পুনরায় বন্ধ করে দেওয়ার পর বেশ কিছু জাহাজ ফিরে গেছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) ভেসেল ট্র্যাকিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রণালি অতিক্রমের চেষ্টা করতে গিয়ে প্রায় ১০টি জাহাজ মাঝপথে ফিরে যায়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ফিরে যাওয়া বেশিরভাগ জাহাজই ছিল তেলবাহী ট্যাংকার। এদের মধ্যে বেশ কয়েকটি জাহাজের গন্তব্য হিসেবে ভারতের বিভিন্ন বন্দরের নাম উল্লেখ ছিল।

সামুদ্রিক জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী সংস্থা মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, লারাক দ্বীপের কাছে এসে জাহাজগুল তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যায়। এই এলাকা ইরান সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণে ব্যবহার করে থাকে।

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ খোলা’ থাকবে। তবে শনিবার ইরান জানায়, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হয়।