ঢাকা | এপ্রিল ১১, ২০২৬ - ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণী

  • আপডেট: Saturday, April 11, 2026 - 7:10 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে প্রথমে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগী অংশ নেন।
পরে এদিন সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এসময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে যে দেশ এগিয়ে সেই দেশ অনেক শক্তিশালী। আমরা যদি বহির্বিশ্বের সাথে তাল মিলাতে চাই, তাহলে আগামীর শিক্ষার্থীদেরকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।
পরে অতিথিরা কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল পরিদর্শন করেন। এসময় শিক্ষার্থীরা প্রতিটি স্টলে নতুন নতুন প্রযুক্তি উপস্থাপন করেন।
এদিকে একইদিন দুপুর ২টায় সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্টলগুলোর গুরুত্ব ও তাৎপর্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় পুরস্কারের ক্রেস্ট এবং সকল অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।