ঢাকা | এপ্রিল ৮, ২০২৬ - ৪:০১ অপরাহ্ন

শিরোনাম

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 12:15 pm

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ বুধবার (৮ এপ্রিল) ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৭৪-এর ৫ নম্বর এলাকার ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত রেখা থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি নিহত হন। বিএসএফের দাবি অনুযায়ী, ভোরে ৭-৮ জন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়া কাটতে গেলে বিএসএফ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় বিএসএফ ‘সতর্কতামূলক’ গুলি চালালে আলী হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, ভারতীয় অভ্যন্তরে বাংলাদেশি নিহতের এই ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মরদেহ ফেরত আনা এবং ঘটনার বিস্তারিত জানতে বিএসএফের সাথে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।