ঢাকা | মার্চ ২৭, ২০২৬ - ২:১৫ অপরাহ্ন

শিরোনাম

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত

  • আপডেট: Friday, March 27, 2026 - 10:46 am

কিশোরগঞ্জ সংবাদদাতা।। কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা এবং চালকরা। পরে দুর্ঘটনাকবলিত দুটি বাস সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে অসীম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা মিনহাজ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে উভয় বাসের চালক ও হেলপারসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়।

কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা পৌঁছানোর আগে কিশোরগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে। এসে দেখি যে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা এসে আহতদের পায়নি; কারণ আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর শোনা যায়নি। পুলিশের টিম হাসপাতালেও তাৎক্ষণিক ইমার্জেন্সি বিভাগে কাজ করে যাচ্ছে। তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।