দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
মো: আল আমিন, দীঘিনালা।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৬ মার্চ) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি দীঘিনালা জোনের সেনাবাহিনী ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামালসহ সবকিছু পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একাধিক ব্যবসায়ী বলেন, গভীর রাতে আগুন লাগায় কিছুই রক্ষা করতে পারেননি—সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩৫টি দোকান পুড়ে গিয়ে আনুমানিক ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ৩টা ১০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।











