সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ‘ছোট সুমন’ বাহিনীর সক্রিয় সদস্য আটক
মোংলা প্রতিনিধি।। সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন’ বাহিনীর সক্রিয় সদস্য ইয়াছিন শেখকে (৪০) বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল রোববার (২২ মার্চ) বিকেলে বনের ধানসিঁড়ির চর খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে সুন্দরবনের বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মোংলার বাসিন্দা ইয়াছিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দিনগত রাত ১টার দিকে বনের গহীন থেকে ১টি একনালা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৪ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।
সাব্বির আলম সুজন জানান, আটক ইয়াছিন দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর হয়ে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে











