ঢাকা | মার্চ ১৯, ২০২৬ - ৪:১৫ অপরাহ্ন

শিরোনাম

মোটরসাইকেল রাখা নিয়ে বাগ্‌বিতণ্ডা: ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট: Tuesday, March 17, 2026 - 10:53 am

নাটোর সংবাদদাতা।। নাটোর শহরে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাউছার হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া কদমতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাস্তার পাশে মোটরসাইকেল রাখা নিয়ে আবুল কালাম আজাদের ছেলে কাউছারের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বাগ্‌বিতণ্ডা হয়।

সেই ঘটনার জের ধরেই সোমবার গভীর রাতে প্রতিপক্ষ রহিম ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলের ওপর হামলা চালায়।
হামলার সময় দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তারা গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম আজাদের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় তার ছেলে কাউছার হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।