ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

  • আপডেট: Thursday, March 12, 2026 - 8:02 pm

মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িযোগে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। নিপ্পন কারখানার সামনে আসামাত্র সামনে থেকে আসা একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে কামালের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তিনি গাড়িতে আটকা পড়েন। পরে গাড়ি কেটে বের করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী নাঈম সরকার জানান, ‘দেখলাম কামাল ভাই গাড়ি নিয়ে একপাশ দিয়ে যাচ্ছে। অপরদিক থেকে একটি ড্রাম ট্রাক আসছে। চোখের পলকে ড্রাম ট্রাকটি কামাল ভাইয়ের গাড়িকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। লোকজন ছুটে এসে চালককে আটক করেছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড খতিয়ে দেখা প্রয়োজন।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়িটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।