ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৬ - ৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

কারাগার থেকে মুক্তির দুই ঘণ্টা পর যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট: Tuesday, February 24, 2026 - 10:31 am

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে ইমন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লা থানার মাসদাইর মিস্ত্রিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন মাসদাইর ঘোষেরবাগ এলাকার বাসিন্দা ওমর খৈয়াম ও কমলা বেগম দম্পতির বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, একটি মামলায় জামিন পাওয়ার পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাসায় ফেরেন। রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় এক ব্যক্তি কথা বলার কথা বলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, এলাকার মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ায় পরিকল্পিতভাবে ইমনকে হত্যা করা হয়েছে। ইমনের বাবা ওমর খৈয়াম দাবি করেন, তার ছেলে বিদ্যুৎমিস্ত্রির কাজের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতেন। দেড় মাস আগে সন্ত্রাসীদের ধরিয়ে দিতে গিয়ে তিনিও গ্রেপ্তার হন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা ও পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।