আমি সেবক, বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ এমপি: শুকরিয়া সমাবেশে ড. মাসুদ
মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। বাউফলে বিপুল ভোটে বিজয়ের পর শুকরিয়া সমাবেশের আয়োজন করেছে নবাগত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ রোববার বাউফল পাবলিক মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি আপনাদের সেবক, আর এমপি হল বাউফলের সাড়ে চার লক্ষ জনগণ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়— ইনসাফ, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার পক্ষে ভোট দিয়েছেন।”
তিনি আরও বলেন, “ব্যক্তি মাসুদকে পরাজিত করা যেতে পারে, কিন্তু বাউফলবাসীকে পরাজিত করা সম্ভব নয়। কোনো ষড়যন্ত্রই আর আপনাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।”
বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. মাসুদ বলেন, “অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন— তবুও বিজয় ছিনিয়ে এনেছেন। আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।”
তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করা হচ্ছে। তবে জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সঠিক তথ্য তুলে ধরুন। নইলে সাংবাদিকতা ছেড়ে রাজনীতির মঞ্চে চলে আসুন।”
ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, ৬০ দিনের মধ্যে মাদক এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে। যেমন একজন মালীকে সতর্ক থাকতে হয়, তেমনি বাউফলবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”
বাগানের মালিকে যেরকম সতর্ক থাকতে হয় হুতুম পেঁচা যেন বাগানকে নষ্ট করতে না পারে। তেমনি বাউফল বাসিকে মালীর ভূমিকা অবতীর্ণ হতে হবে। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।
উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির ও গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইয়ুব বিন মুসা, নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মমতাজির মুজাহিদ এবং এনসিপি নেতা মো. জাকির হোসেন প্রমুখ।
এ সময় বাউফল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় ভূষিত হন।











