ঢাকা | ফেব্রুয়ারী ১৬, ২০২৬ - ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম

শান্তি ও সম্প্রীতির প্রতীক ‘দি বেবী টাইগার্স’: দীঘিনালায় ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট: Monday, February 16, 2026 - 7:37 pm

দীঘিনালা প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালা সেনা অঞ্চলে ঐতিহ্যবাহী পদাতিক ইউনিট 4th East Bengal Regiment (দি বেবী টাইগার্স)-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রীতিভোজ ও কেক কাটার আয়োজন করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা সেনা অঞ্চলের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের অঞ্চল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা অঞ্চলের অঞ্চল কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি।
অনুষ্ঠানে সেনা কর্মকর্তা ও সৈনিকবৃন্দ, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তনয় তালুকদার, দীঘিনালা সরকারি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ‘দি বেবী টাইগার্স’ পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মহান স্বাধীনতা যুদ্ধে এই রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বীরত্ব ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই পদাতিক ইউনিট।
তিনি বিশেষভাবে স্মরণ করেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল-কে, যিনি ১৯৭১ সালে আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হন। পরবর্তীতে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
উল্লেখ্য, ১৯৬৩ সালের ১০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় 4th East Bengal Regiment—‘দি বেবী টাইগার্স’। প্রতিষ্ঠালগ্ন থেকে রেজিমেন্টটি দেশরক্ষা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সুনাম অর্জন করে আসছে।