তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট
জ্যেষ্ঠ প্রতিবেদক।। নির্বাচন কমিশনে (ইসি) সংসদীয় কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের নেতারা। তাদের অভিযোগ, এসব কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ভীতি প্রদর্শনে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে। তাই এসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের জন্য ভোট স্থগিতের দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, এখনো ভোটগ্রহণ চলছে এবং বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটছে। এ অবস্থায় এখনো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, যাতে একটি সুষ্ঠু ও পরিছন্ন ফলাফল নিশ্চিত করা যায়। এসব বিষয় আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। অনিয়মের প্রমাণ হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট লিংক জমা দিয়েছি।
কুমিল্লার একটি আসনে আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করেছি। নরসিংদী-৪ আসনে বিএনপি নেতাকর্মীরা জোরপূর্বক ব্যালটে সিল মেরেছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া নোয়াখালী ও ঝালকাঠির বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনাও নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে।
এর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে ১১ দলীয় জোটের প্রতিনিধিদল কমিশনে আসে। বিকেল সোয়া ৩টায় প্রায় ১০ সদস্যের প্রতিনিধিদল আসে ইসিতে।











