ঢাকা | অক্টোবর ২০, ২০২৬ - ১০:২১ অপরাহ্ন

শিরোনাম

রাজধানী

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ২৬ তরণীসহ আটক ৮৪, বিপুল পরিমান মাদক জব্দ

স্টাফ রিপোর্টার।। রাজধানীর ভাটারা থানা এলাকার পুলিশ হাউজিং-১-এ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান সম্পন্ন হয়েছে। সোমবার মধ্যরাত থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলা এই দীর্ঘ অভিযানে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৫৮ জন তরুণ এবং ২৬ জন তরুণী রয়েছেন, যাদের মধ্যে একজন আফগান নাগরিকও আছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আড়াইতলা থ্রিপ্লেক্স এই ভবনটি অনলাইন প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবি’-এর মাধ্যমে স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া হতো। সেখানে দীর্ঘদিন ধরে অবৈধ ডিজে পার্টি এবং মাদকের আসর বসছিল। অভিযানকালে বাড়িটি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, বিয়ার, সিনথেটিক মাদক, সিসা এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, অনলাইন বুকিংয়ের মাধ্যমে পরিচালিত এই চক্রের মূল হোতা বা হোস্ট এবং কো-হোস্ট মাহবুবুল আলমকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এই অবৈধ ব্যবসা থেকে আয়ের বড় একটি অংশ (প্রায় ৭০ শতাংশ) বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির পেতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ডিবি পুলিশ নিশ্চিত করেছে, আটককৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে, ঘটনার পর অভিযুক্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির সাংবাদিকদের জানান, তিনি বাসাটি ভাড়া দিয়েছিলেন এবং সেখানে কী অপরাধ হচ্ছে তা তাঁর জানা ছিল না।

তবে ডিবির একটি সূত্র জানিয়েছে, আটক কো-হোস্টকে ছাড়িয়ে নেওয়ার জন্য ওই পুলিশ কর্মকর্তা প্রথমে তদ্বির করার চেষ্টা করেছিলেন। ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে আদালতে সোপর্দ করা হবে এবং বাড়ির মালিক হিসেবে এই পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হবে।

সম্পর্কিত