ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে একটি রেস্টুরেন্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
নিহতের স্ত্রী শাহানা জাবিন খান পুলিশকে জানান, জাভেদ দীর্ঘদিন বেকার ছিলেন এবং আর্থিক সংকটে ভুগছিলেন। তবে কীভাবে তিনি লেকে গিয়ে মারা গেলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।











