ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ৩:০৬ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

ইমামের বিরুদ্ধে ধর্ষণের সাজানো মামলা: পিবিআই তদন্তে সত্য উন্মোচন, বাদী গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না মেলায় উল্টো মামলার বাদী জাহানারা বেগমকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেছিলেন জাহানারা বেগম। তার অভিযোগ ছিল—মডেল মসজিদে আরবি পড়তে যাওয়া তার ১২ বছর বয়সী নাতনিকে মসজিদের স্টোররুমে নিয়ে ধর্ষণ করেন ইমাম তানভীর হোসেন, খাদেম সাব্বির ও আহমাদুল্লাহ।

আদালতের নির্দেশে ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে পিবিআই। তদন্তকারী দল একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য রেকর্ড করে। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন জমা দিয়ে জানায়, ধর্ষণের এই অভিযোগের সপক্ষে কোনো ধরনের সত্যতা বা সামঞ্জস্যপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। মূলত ইমাম ও খাদেমদের ফাঁসানোর উদ্দেশ্যে ঘটনাটি সম্পূর্ণ সাজানো হয়েছিল।

তদন্ত প্রতিবেদনে সত্যতা বেরিয়ে আসার পর আদালত মামলার বাদী জাহানারা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই সোমবার সন্ধ্যায় জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর ব্যবস্থা চলছে।

সম্পর্কিত