সোনারগাঁয়ে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ
সোনারগাঁও সংবাদদাতা।। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো—মোগরাপাড়া এলাকার আরিফিন (১৫), তার জমজ ভাই আশিকিন (১৫) এবং তাদের বন্ধু আবির (১৪)। তারা প্রত্যেকেই স্থানীয় মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যায়তনের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, চার বন্ধু মিলে দুপুরে নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতের তোড়ে তিনজন তলিয়ে যায় এবং একজন তীরে উঠে আসতে সক্ষম হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।











