মোংলায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে বাঙ্গালী ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। মোংলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঙ্গালী ফাউন্ডেশন’। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান।
এ সময় নির্বাচিত ১৫০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রং পেন্সিল ও রোলারসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। নতুন শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রয়োজনীয় উপকরণের অভাবে যেন কোনো শিশুর শিক্ষাজীবন ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় ২০২৪ সাল থেকে বাঙ্গালী ফাউন্ডেশন সারাদেশে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। শিক্ষা যেহেতু একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি, তাই সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে তাদের এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বাঙ্গালী ফাউন্ডেশন (ঢাকা)-এর কেন্দ্রীয় প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এভাবেই দেশজুড়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।











