ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

সেবাপ্রার্থীদের ব্যস্ততার অজুহাত দেখাবেন না: জেলা প্রশাসক

  • আপডেট: Thursday, April 16, 2026 - 11:25 pm

মিরসরাই প্রতিনিধি।।

কোনো সেবাপ্রার্থীকে ব্যস্ততার অজুহাত না দেখানোর অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে মিরসরাই উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, আইনের বাইরে কাউকে সুযোগ-সুবিধা দেওয়ার অধিকার আমাদের নেই। কিন্তু আমি বলব, আপনার কাছে যারা সেবা নিতে আসবে, আপনি তাদের কথা দয়া করে শুনবেন এবং আপনার অবস্থান থেকে তাদেরকে সুপরামর্শ দেবেন। আপনি তাদের সমস্যা সমাধান করতে পারেন বা না পারেন, কোনো ব্যস্ততার অজুহাত দাঁড় করাবেন না।

‘আমরা নিরপেক্ষ, আমরা কারো প্ররোচনায় কোনো কাজ করব না। যে অপরাধ করবে সেই অপরাধী—সে ধারণা পোষণ করতে হবে। যদি সেটি না করতে পারি, তাহলে আমরা যে পবিত্র পোশাক পরেছি, সেটার প্রতি সদাচরণ হবে না,’ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কেউ যাতে ছদ্মবেশে অপরাধ করতে না পারে, সে ব্যাপারে কাজ করতে হবে। শ্রমিক বা ব্যবসার আড়ালে কেউ যাতে অপরাধ করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, এলজিইডি উপ-প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা সুলতানা লিনা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ উপজেলার সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসন।