ঢাকা | জুন ৯, ২০২৬ - ৯:০৪ অপরাহ্ন

শিরোনাম

রুমায় বাঙালি ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 7:31 pm

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের জৈতুনপাড়ায় এক বাঙালি ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবান শহরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদ।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। রুমার জৈতুনপাড়ায় সংঘটিত ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। তারা নিহত ব্যবসায়ীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক নাছিরুল আলম, পৌর সভাপতি সামসুল ইসলাম সামু এবং জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা ব্যবসায়ী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তাদের মতে, অপরাধীদের বিচারের আওতায় আনা হলে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে এবং পার্বত্যাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।