ঢাকা | জুন ৯, ২০২৬ - ৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 6:09 pm

মো: আল আমিন, দীঘিনালা।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার উদাল বাগান উচ্চ বিদ্যালয়ে “সবাই মিলে গড়ি মাসিকবান্ধব পৃথিবী” প্রতিপাদ্যে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ জুন) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে তৃণমূল উন্নয়ন সংস্থা (টিইউএস)।

অনুষ্ঠানে নারী, কিশোরী, শিক্ষক, কমিউনিটি নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি, নিরাপদ স্বাস্থ্যচর্চা এবং সামাজিক কুসংস্কার দূরীকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা কিশোরী ও নারীদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং ঋতুস্রাব-সংক্রান্ত ভুল ধারণা দূর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিউলী চাকমা স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, নিরাপদ স্যানিটারি সামগ্রী ব্যবহার এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় ঋতুস্রাব স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।