ঢাকা | জুলাই ৬, ২০২৬ - ২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

  • আপডেট: Thursday, May 21, 2026 - 11:58 am

রাজস্থলী সংবাদদাতা।।

রাঙামাটির রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি খিয়াং পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

জানা গেছে, বুধবার (২০ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শিলছড়ি খিয়াং পাড়ায় অংথইউ খিয়াংয়ের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারটি ঝুম চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করতো। রাতের বেলায় পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা, ধান, হলুদসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা শুধু গায়ের কাপড় নিয়ে ঘর থেকে বের হতে সক্ষম হন। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রাজিব খিয়াং জানান, এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও সহযোগিতার আবেদন জানানো হবে।

রাজস্থলী ফায়ার সার্ভিসের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, দুর্গম এলাকা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি নেওয়া সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার উদ্যোগ নেওয়া হবে।