ঢাকা | মে ৬, ২০২৬ - ৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 7:42 pm

 

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাইয়ে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত (৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। একই এলাকার উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সালমান বাপ্পী বলেন, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। এসময় মহাসড়ক পার হওয়ার সময় জোনাকি পরিবহনের বেপরোয়া গতির একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শারমিন বলেন, দুপুর ১টার দিকে নুসরাত নামে এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শরিফুজ্জামান ভূইয়া বলেন, মঙ্গলবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা গেছে শুনেছি। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।