ঢাকা | জুন ১১, ২০২৬ - ১:২৪ অপরাহ্ন

শিরোনাম

মার্কিন কমান্ড সেন্টারে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট: Thursday, June 11, 2026 - 12:12 pm

আন্তর্জাতিক ডেস্ক।। জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ঘাঁটি এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বিধ্বংসী হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা ‘আইআরজিসি’। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিশেষ অভিযানে তারা মোট ১২টি দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

এই ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ মডেলের যুদ্ধবিমানসহ মার্কিন সেনাদের ব্যবহৃত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে সরাসরি নিশানা করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ খবরে বলা হয়েছে যে জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের এলিট ফোর্স এই বড় ধরনের সামরিক অভিযানটি পরিচালনা করে। আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাতের অংশ হিসেবেই ইরান এই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে বলে সামরিক বিশ্লেষকেরা মনে করছেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি এই হামলাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘শাস্তিমূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

 

বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, জর্ডানের অভ্যন্তরে অবস্থিত মার্কিন কৌশলগত ঘাঁটি ‘আল-আজরাক বিমানঘাঁটি’ এবং এর মূল নিয়ন্ত্রণ বা কমান্ড সেন্টারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মোট ১২টি দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করেছে।

 

ইরান দাবি করেছে, তাদের এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন কমান্ড সেন্টারের মূল ভবন ও নিয়ন্ত্রণ কক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘাঁটির রানওয়েতে থাকা ‘বিপুল সংখ্যক মার্কিন যুদ্ধবিমান‘ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

আল-আজরাক বিমানঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান ও কৌশলগত ঘাঁটি হিসেবে পরিচিত। যেখান থেকে মূলত সিরিয়া ও ইরাক অঞ্চলে মার্কিন ড্রোন এবং যুদ্ধবিমান পরিচালনা করা হয়।

 

এর আগে ইরান দাবি করেছিল, তারা পারস্য উপসাগরীয় অঞ্চল তথা কুয়েত ও বাহরাইনের ৩টি মার্কিন বিমানঘাঁটিসহ মোট ১৮টি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। সেই হামলার রেশ কাটতে না কাটতেই জর্ডানের মূল মার্কিন ঘাঁটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর এল।