ঢাকা | জুন ১১, ২০২৬ - ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম

‘আমরা পৃথিবীর রাজা নই’ ভিসা বিতর্কে ফিফা সভাপতি

  • আপডেট: Thursday, June 11, 2026 - 11:43 am

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ফুটবলার ও রেফারিদের ভিসা জটিলতা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। তবে এসব বিতর্ক নিয়ে খুব বেশি চিৎকার-চেঁচামেচি না করে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফিফা কোনো দেশের সরকার বা পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করে না।

সম্প্রতি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ফিরে যেতে বাধ্য হয়েছেন সোমালি রেফারি ওমর আরতান। বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েও তাকে ফিরিয়ে দেওয়ায় আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতিতে হচ্ছে কড়া সমালোচনা।

বুধবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপ-পূর্ব সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেন, ‘সোমালিয়ার রেফারি ওমরের সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে আবারও বলছি, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা চেষ্টা করছি, আলোচনা করছি, দেখা যাক কী হয়। মাঝেমধ্যে একটু শান্ত ও ধৈর্যশীল হওয়া ভালো। আমরা সব বিষয় নিয়ে কাজ করছি এবং সমাধানের পথ খুঁজছি।‘

 

ইনফান্তিনো আরও বলেন, ‘আমার কথা বিশ্বাস করুন আর নাই করুন—আমরা সবসময়ই একটা সমাধান খোঁজার চেষ্টা করি। তবে আমাদের এটিও মেনে নিতে হবে যে আমরা পৃথিবীর রাজা নই যে সরকার বা পুলিশ বাহিনীকে শাসন করব। আমরা কেবল একটি ক্রীড়া সংস্থা, আমাদের সাধ্যের মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করি।‘

আরতানকে ঢুকতে না দেওয়ার ব্যাখ্যায় মার্কিন কর্মকর্তাদের দাবি, তাঁর সঙ্গে সন্দেহভাজন জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে। ফিফা সভাপতি বলেন, ‘কোনো সমস্যা হলেই সাথে সাথে চিৎকার-চেঁচামেচি শুরু করলে অনেক সময় সমাধানের চেয়ে উল্টো ফল হতে পারে। আমরা সবসময় সমাধানের পথ খুঁজি, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমরা রাষ্ট্র বা পুলিশ প্রশাসনের ওপর হুকুম চালানোর মতো কেউ নই।‘

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে টিকিটের সর্বনিম্ন মূল্য ১৪০ ডলার নির্ধারণ করেছে ফিফা। ১৯ জুলাই নিউ জার্সিতে হতে যাওয়া ফাইনাল ম্যাচের কিছু সাধারণ আসনের টিকিটের দাম ঠেকেছে ৮,৬৮০ ডলারে। তীব্র সমালোচনার মুখে পড়ে পরবর্তীতে ফুটবল সমর্থকদের জন্য ফেডারেশনগুলোর মাধ্যমে কিছু ৬০ ডলারের টিকিট ছাড়ে ফিফা।

টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক এবং টেক্সাসের অ্যাটর্নি জেনারেলদের চলমান তদন্তের বিষয়েও ফিফা উদ্বেগহীন অবস্থানে রয়েছে বলে জানান ইনফান্তিনো। ফিফা সভাপতি বলেন, ‘টিকিটের মূল্য নিয়ে আমরা একদম চিন্তিত নই। কারণ প্রায় ৭০ লাখ টিকিট বিক্রি শুরু করার আগেই আমরা সেরা আইনজীবী ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছিলাম।‘