ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১:৫৯ অপরাহ্ন

মানিকছড়িতে অবৈধ পাহাড় কাটার স্থান পরিদর্শন করলো তদন্ত কমিটি

  • আপডেট: Wednesday, April 15, 2026 - 7:48 pm

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার খাড়িছড়া, এয়াতলংপাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকায় পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। পরিদর্শনকালে এসব স্থানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অন্তত ৮টি পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়।
তদন্ত কমিটির আহ্বায়ক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেনের নেতৃত্বে পরিদর্শনে অংশ নেন সদস্য সচিব চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দীন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ।
পরিদর্শন শেষে মো. মোতাহার হোসেন বলেন, “উল্লেখিত এলাকাগুলোতে অবৈধভাবে পাহাড় কাটার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। যারা এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত ৯ এপ্রিল ‘পাহাড় ও টিলা কাটা বন্ধে করণীয় নিরূপণ’ শীর্ষক এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বিষয়টি তদন্তে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।