ঢাকা | মে ৬, ২০২৬ - ৭:১১ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ

  • আপডেট: Wednesday, May 6, 2026 - 6:00 pm

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি করে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ (ব্রি ধান-৯৮), ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সহকারী কমিশনার মোঃ মেহেদি হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (এডিডি) অংকার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।

বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের আউশ ধান চাষে আরও উৎসাহিত করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকদের আধুনিক ও উন্নত জাতের ধান চাষে উদ্বুদ্ধ করার মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।