বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ডাউন, নিজের প্রোফাইল খুঁজে পাচ্ছেন না অনেকেই
অনলাইন ডেস্ক।। হঠাৎ করেই অনেক ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট অদৃশ্য হয়ে গেছে। অভিযোগ উঠেছে লগইন সমস্যার। কেউ নিজের প্রোফাইল খুঁজে পাচ্ছেন না, আবার কেউ লগইন করলেও অ্যাকাউন্ট বা পেজ দেখতে পারছেন না। এতে ব্যবহারকারীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
লগইনের চেষ্টা করলে অনেক ব্যবহারকারীর স্ক্রিনে দেখা যাচ্ছে, “Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes.”
ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এও এ সময় অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে (৩২ শতাংশ), এরপর লগইন-সংক্রান্ত সমস্যা (২৬ শতাংশ) এবং নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগ (২২ শতাংশ)।
এদিকে, অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যার কথা জানান। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।
আজ রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর ফেসবুক অ্যাকাউন্টে এ সমস্যা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে মেটা জানিয়েছে, এটি স্থায়ী অ্যাকাউন্ট মুছে যাওয়ার ঘটনা নয়। মূলত ফেসবুকের সাইট-সংক্রান্ত কারিগরি ত্রুটির কারণেই সাময়িকভাবে এ সমস্যা দেখা দিয়েছে।
ব্যবহারকারীরা জানিয়েছেন, কারও প্রোফাইল ‘নট অ্যাভেইলেবল’ দেখাচ্ছে, কারও অ্যাকাউন্ট সার্চে পাওয়া যাচ্ছে না, আবার অনেকেই লগইন বা পেজ লোড করতে সমস্যায় পড়ছেন।











