দুই দিনেও মিলেনি কাপ্তাইয়ের বিএনপি নেতা মাসুদের সন্ধান, লেকে চলছে উদ্ধার অভিযান
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ব্যবসায়ী মো. মাসুদের দুই দিনেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে কাপ্তাই লেকে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিসের সদস্য এবং বিএনপির নেতাকর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে গেলেও রোববার (১৯ জুলাই) দুপুর পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাসুদ কাপ্তাই কাগজ কল (কেপিএম)-এর চিপার হাউসে অস্থায়ী নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ও আশপাশের এলাকায় মৌসুমি ব্যবসা করতেন।
নিখোঁজের বিষয়ে তাঁর বড় মেয়ে মাইশা আক্তার তমা জানান, শনিবার সকালে ফারুয়া বাজার থেকে নিজস্ব ইঞ্জিনচালিত বোটে করে বাড়ি ফেরার কথা ছিল তাঁর বাবার। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, কাপ্তাই লেকের গর্জনটিলা এলাকায় তাঁর বোটটি ভাসমান অবস্থায় পাওয়া গেছে। তবে সেখানে মাসুদের কোনো সন্ধান মেলেনি।
খবর পেয়ে কাপ্তাই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুল হাসান রুবেল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান কার্যক্রম তদারকি করেন।
পরবর্তীতে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাসেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরাও অভিযানে অংশ নেন। তবে রোববার দুপুর পর্যন্ত নিখোঁজ মাসুদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ এবং সাধারণ সম্পাদক কামাল হাকিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাসুদ কাপ্তাই লেকে পড়ে যেতে পারেন। তাঁকে উদ্ধারে দলীয়ভাবে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও নিখোঁজ মাসুদের সন্ধানে সক্রিয়ভাবে কাজ করছেন।
এদিকে নিখোঁজ মাসুদের বড় মেয়ে মাইশা আক্তার তমা তাঁর বাবার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
ছবির ক্যাপশন: কাপ্তাই লেকে নিখোঁজ বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. মাসুদ (ফাইল ছবি)।











