বাংলা নববর্ষে কাপ্তাইয়ে বৈশাখী শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। বাংলা নববর্ষকে (১ বৈশাখ) বরণ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা এবং উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের শিল্পীদের পরিবেশনায় মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ রেস্ট হাউজ চত্বরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে এদিন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এসময় বাদ্যের তালে তালে হরেক রকম হস্তশিল্প, ব্যানার, ফেস্টুনসহ কয়েক শতাধিক লোকজন আনন্দে উল্লাসে বাংলা নববর্ষকে বরণ করে নেন।
পরে রেস্ট হাউজ চত্বরে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায়
বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের সম্মেলক কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং “এসো হে বৈশাখ এসো এসো” গান ২টি পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর একে একে শিল্পীদের কণ্ঠে বৈশাখের গান, বাউল গান, নৃত্য এবং লোকজ সঙ্গীত পরিবেশিত হয়।
পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতির বক্তব্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় সকলকে বৈশাখের শুভেচ্ছা জানান।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আমীর সোহেল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত পলাশ ঘোষসহ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে অনুষ্ঠান চত্বরে গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এই খেলা পরিচালনা করেন।











