ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম

আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট: Saturday, April 18, 2026 - 7:47 pm

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ৪নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজসংলগ্ন (১নং ভিউ পয়েন্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরুকপাতা বাজার থেকে দুইজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদম সদরের দিকে যাচ্ছিল। পথে কচুরছড়া ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ চালকের চোখে পোকা ঢুকে পড়ায় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশের পাহাড়ে সজোরে ধাক্কা খেয়ে তিন আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে একটি সিএনজিযোগে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোহী লাংতুব মুরং (৭০) মারা যান।
নিহত লাংতুব মুরং লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাইল্যাপাড়া এলাকার বাসিন্দা লুনওয়াই মুরং-এর ছেলে।
দুর্ঘটনায় আহত অপর দুইজন হলেন-মোটরসাইকেল চালক রিংরাউ মুরং (২০) ও আরোহী লংপং মুরং (৩৫)। তাদের মধ্যে রিংরাউ আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়া এলাকার বাসিন্দা এবং লংপং মুরং লামা উপজেলার লাইল্যাপাড়ার বাসিন্দা। তারা বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।