ঢাকা | জুলাই ২৭, ২০২৬ - ৯:১৩ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ

  • আপডেট: Monday, July 27, 2026 - 8:20 pm

মহালছড়ি প্রতিনিধি:

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পুনর্বাসনে বিশেষ কৃষি প্রণোদনা দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চোংড়াছড়ি মগপাড়া এবং মাইসছড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

 

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইরফান হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজাপ্রু চৌধুরী এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।

 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ জন কৃষাণ-কৃষাণীর সামাজিক ও অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে এ সহায়তা দেওয়া হয়েছে। বিতরণকৃত প্রণোদনার মধ্যে ছিল উচ্চফলনশীল গ্রীষ্মকালীন সবজির বীজ, রোপা আমন ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, “বন্যায় কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সময়মতো এই বীজ ও সার ব্যবহার করে কৃষকরা আবার তাদের ফসলি জমি চাঙ্গা করে তুলতে পারবেন বলে আমরা আশাবাদী।”