ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১০:২৪ পূর্বাহ্ন

নিখোঁজ শিশুর মরদেহ পাটখেতে থেকে উদ্ধার, সন্দেহভাজন দুইজনকে পিটিয়ে হত্যা

  • আপডেট: Friday, April 17, 2026 - 9:19 am

মানিকগঞ্জ প্রতিনিধি।। মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপারা ইউনিয়ন এলাকার বনপারিল কান্দুরপার ব্রিজ গ্রামে ৮ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার রাতে গণপিটুনির এ ঘটনা হয়। এতে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গতকাল বিকেল ৫টার দিকে স্থানীয় দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়ে এবং এলাকায় মাইকিং করা হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা পিতাপুত্রসহ ৩ জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে অটোচালক পান্নু মিয়া (৩৫) ও তার ভাই ফজলু (২৮) নিহত হয়। আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দ্রুত পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ওসি আরও বলেন, ‘গণপিটুনিতে নিহত দুজনের লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এদিকে, এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্টু তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।