ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম

প্রধানমন্ত্রীর আগমনের আগে মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজ পরিদর্শনে ইউএনও

  • আপডেট: Friday, July 24, 2026 - 9:00 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

আগামী ১০ আগস্ট রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে শুক্রবার (২৪ জুলাই) সকালে গ্রামটি পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

পরিদর্শন শেষে ইউএনও রায়হানুল ইসলাম জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হচ্ছে। আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

তিনি বলেন, এসডিজির ১৭টি লক্ষ্যকে সামনে রেখে মিতিঙ্গাছড়ি গ্রামে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবার বিস্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পরিদর্শনকালে উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, ১০০ নম্বর ওয়াগ্গা হেডম্যান অরুণ তালুকদার, ইউপি সদস্য আবুল হাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসডিজি বাস্তবায়নের মডেল হিসেবে নির্বাচিত দেশের তিনটি গ্রামের মধ্যে রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর।