ডেপুটি স্পিকারের বিতর্কিত বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিক এ এইচ এম ফারুক’র পোস্ট
নিজস্ব প্রতিবেদক।।
‘বাঙালি এবং আদিবাসী’ প্রসঙ্গে মাননীয় ডেপুটি স্পিকারের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ও কলামিস্ট এ এইচ এম ফারুক। তিনি বলেন, একজন অভিজ্ঞ ও মেধাবী ব্যক্তিত্ব হিসেবে ডেপুটি স্পিকারের কাছ থেকে এমন বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাশিত ছিল না।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এ এইচ এম ফারুক বলেন, গত এক বছরে ডেপুটি স্পিকার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ও পদোন্নতি পেয়েছেন, যা তাঁর দক্ষতা ও অভিজ্ঞতারই প্রতিফলন। তবে আদিবাসী ও নৃগোষ্ঠী সম্পর্কিত বিষয়ে মন্তব্য করার আগে সংবিধানের সংশ্লিষ্ট ধারা, বিধিবিধান, আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও-১০৭ (ILO Convention 107), আইএলও-১৬৯ (ILO Convention 169), এবং জাতিসংঘের আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্র (UNDRIP)-এ বাংলাদেশের অবস্থান গভীরভাবে পর্যালোচনার আহ্বান জানান তিনি।
ফারুক আরও বলেন, বিষয়টি শুধু রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ইতিহাস, সাংবিধানিক অধিকার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিনের গবেষণা ও কাজের অভিজ্ঞতার আলোকে তিনি এ বিষয়ে বাস্তবতা অনুধাবনের আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যেভাবে সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা এ বিষয়ে সচেতন হয়েছেন, তেমনি ডেপুটি স্পিকারও বাস্তবতা উপলব্ধি করে ভবিষ্যতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং জনগণকেও সচেতন করবেন।











