জাতিসংঘে বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি।।
জাতিসংঘের একটি অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি এবং সরকারের ভূমিকা নিয়ে বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য প্রদান করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখা।
শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫ টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে সম্প্রতি জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমার পার্বত্য চট্টগ্রাম, সেনাবাহিনী ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পিসিএনপি চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন, জাতিসংঘ অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম, সীমান্ত সড়ক নির্মাণ, শান্তি চুক্তিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে অগাস্টিনা ও চঞ্চনা চাকমা একটি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানান। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল যে চক্রান্ত চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের মধ্যে ৫৪ শতাংশই বাঙালি হওয়া সত্ত্বেও এখানে বাঙালিরা সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে।
তিনি আরও বলেন, এই সার্বভৌমত্ব আমাদের, ভূখণ্ড আমাদের, জনগণ আমাদের, দেশও আমাদের। তারা একসময় আশ্রয় নিতে এই দেশে এসেছিল বিভিন্ন দেশ থেকে। কিন্তু এখন তারাই আমাদের থেকে বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করছেন। আর যদি ভবিষ্যতে এ ধরনের তারা মিথ্যাচার অব্যাহত রাখে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এসময় তিনি বাজার ফান্ডের লোন পুনরায় চালু ও নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ গঠনের ব্যাপারে জোরালো দাবি জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল প্রমুখ। বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি নুরুল আলম, সদস্য হজী আবদুস শুক্কুর, নাছির উদ্দিন, সামছুল হক শামু, পিসিএনপি নেতা নুরুল আবছার, মোঃ মনির হোসেন, ছাত্র পরিষদ সভাপতি আসিফ ইকবাল, যুব পরিষদ নেতা মোঃ ইব্রাহিমসহ অন্যান্য নেতাকর্মীগণ।











