ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

লংগদুতে চাঁদা আদায়ের সময় বিজিবির অভিযানে জেএসএসের কথিত কালেক্টর আটক

  • আপডেট: Friday, July 24, 2026 - 12:16 am

লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের শিবের আগা এলাকায় অবৈধভাবে চাঁদা আদায়ের সময় অভিযান চালিয়ে জেএসএস (মূলপন্থী)-এর এক কথিত কালেক্টরকে আটক করেছে রাজনগর ৩৭ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, রাজনগর ৩৭ বিজিবি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাসকিনের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার শিবের আগা এলাকায় পরিচালিত এ অভিযানে জেএসএস (মূলপন্থী)-এর কথিত কালেক্টর সুপেন চাকমা (২১), পিতা: রাঙ্গাচুলা চাকমাকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে চাঁদা হিসেবে আদায়কৃত নগদ ১৯ হাজার ১০ টাকা, চাঁদা আদায়ের রশিদ এবং একটি দেশীয় একনলা বন্দুকসদৃশ বস্তু উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় শান্তি রঞ্জন চাকমা নামে অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

রাজনগর ৩৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাসকিন বলেন, জোন এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চাঁদাবাজি, মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বরজিৎ দে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা রুজু করা হয়েছে।