ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৯:১০ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে আন্তর্জাতিক অঙ্গনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

  • আপডেট: Saturday, April 25, 2026 - 7:40 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিসরে উত্থাপিত বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের চেঙ্গী স্কয়ার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সম্প্রতি জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমার উপস্থাপিত বক্তব্যকে কেন্দ্র করে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের দাবি, সেখানে ‘ভুল ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক’ তথ্য তুলে ধরা হয়েছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে কিছু ব্যক্তি ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বক্তব্য দিয়েছেন, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরতে দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি। বিভ্রান্তিকর তথ্য প্রচার এ অঞ্চলের স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য হুমকি হতে পারে বলেও তারা উল্লেখ করেন। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক বক্তব্যগুলো ঘিরে দেশে-বিদেশে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।