চান্দগাঁও থেকে চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার অভিযানে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি আলুমং মারমাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আলুমং মারমা কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা এবং ক্রোসে মারমার ছেলে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই মোজাম্মেল ও এসআই টিটু দাশের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আলুমং মারমার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় তিনটি মামলায় সাজা পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারের পর তাকে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়। পরে রবিবার সকালে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।











