বান্দরবানে আইনগত সহায়তা কার্যক্রমে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের সম্পৃক্ততা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. জামিউল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদ হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) আয়েশা সিদ্দিকা আয়মন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াহিদা নাসরিন, ব্লাস্টের পরিচালক (আইন) মো. বরকত আলী, লিগ্যাল স্পেশালিস্ট অ্যাডভোকেট রবিউল হোসেন এবং বলিপাড়া নারী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক হ্লাসিং নু। এছাড়া বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবানের অনেক পিছিয়ে পড়া মানুষ এখনও আদালতে যেতে ভয় পান। তাই জেলা লিগ্যাল এইড অফিসের সেবা সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। বিশেষ করে নারী, শিশু, দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারিভাবে বিনামূল্যে আইনগত সহায়তার সুযোগ সম্পর্কে আরও বেশি প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।











