ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১:৪১ অপরাহ্ন

কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

  • আপডেট: Friday, April 17, 2026 - 12:17 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলার মোট ৬১টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৩৫ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথমদিন গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দেশের অন্যান্য অঞ্চলে ১৫ এপ্রিল থেকে বৃত্তি পরীক্ষা শুরু হলেও পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণ উৎসবের কারণে দুই দিন পিছিয়ে কাপ্তাইয়ে আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের অনেকেই সন্তানদের সফলতার জন্য প্রার্থনা করতে দেখা যায়।

এদিকে, পরীক্ষা শুরুর দিন কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ এবং হল সুপার রতন চন্দ্র দাশ।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।