ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৬:০০ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটির বরকলে বন্যাকবলিত মানুষের পাশে ১২ বিজিবি

  • আপডেট: Monday, July 13, 2026 - 3:05 pm

বরকল প্রতিনিধি:

রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিনা জোন (১২ বিজিবি) বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ৬০টি পরিবারের দুই শতাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। সোমবার (১৩ জুলাই) উপজেলার আমতলী গ্রাম ও এরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে ছোট হরিনা জোনের উদ্যোগে জোন কমান্ডারের নেতৃত্বে চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সুপেয় পানি বিতরণ করা হয়।

বন্যার কারণে খাদ্যসংকটে পড়া মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। বিজিবির সদস্যরা সুশৃঙ্খল ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় জোন কমান্ডার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আমতলী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং সবাইকে পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, বিজিবি সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, পিএসসি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রমে বিজিবি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ছোট হরিনা জোন প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। খাদ্য সহায়তার পাশাপাশি চিকিৎসাসেবা প্রদান, বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, পানিবন্দী মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।

বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পানিবন্দী ও সুবিধাবঞ্চিত এলাকার বাসিন্দারা।