ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১:৪৪ অপরাহ্ন

মিরসরাইয়ে গাছ কাটার জেরে চাচাতো ভাইয়ের হামলায় আহত সাবেক ছাত্রলীগ নেতা

  • আপডেট: Thursday, April 30, 2026 - 11:12 am

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় কফিল উদ্দিন (৩৬) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাটাগাং গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাসুক ভূঁইয়া বাড়ির আবুল কালাম প্রকাশ মাসুক ভূঁইয়ার সন্তান কফিল উদ্দিনের সাথে তাঁর চাচাতো ভাই ফারুক হোসেনের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার ঝড়ে কফিলের ঘরের ওপর একটি গাছের ডাল ভেঙে পড়ে। বুধবার সকালে সেই ডাল কাটা নিয়ে ফারুক হোসেনের সাথে কফিলের বাকবিতণ্ডা হয়। ফারুক হোসেন একই বাড়ির আব্দুল ওয়াদুদ প্রকাশ টুনু ম্যানেজারের সন্তান এবং তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

বাকবিতণ্ডার একপর্যায়ে ফারুক হোসেন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কফিলের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত কফিল উদ্দিন অভিযোগ করে বলেন, “রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তারা নানাভাবে আমাদের সাথে ঝগড়ার পাঁয়তারা করছে। আমি ছাত্রলীগ করতাম বলে তারা প্রায়ই হুমকি-ধামকি দিত। আজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে।”

এ বিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার লিটন কুমার জানান, ঘটনাটি সম্পর্কে তাঁরা অবগত হলেও এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।