মোংলা নদীতে ২৪ ঘণ্টা চলবে ২টি ফেরি: পরিবেশ প্রতিমন্ত্রী
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা।। মোংলা বন্দর ও ইপিজেডে কর্মরত শ্রমিক-কর্মচারীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে মোংলা নদীতে এখন থেকে ২৪ ঘণ্টা দুটি ফেরি চলাচল করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
আজ শুক্রবার (২৬ জুন) থেকে মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। এদিন সকালে নিজ নির্বাচনী এলাকায় মোংলা নদীর ফেরি চলাচল ব্যবস্থা ও ঠাকুরানী খাল পরিদর্শনকালে দুটি ফেরি চলাচলে ঘোষণা দেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা বন্দর ও ইপিজেডের শ্রমিক এবং রোগী সাধারণসহ সকল শ্রেণী পেশার মানুষের দুর্ভোগ কমাতে শুক্রবার থেকে মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। এর আগে জোয়ার-ভাটার উপর নির্ভর করে ১টি ফেরি চলাচল করতো। তাতে দুর্ভোগের সীমা ছিলনা মানুষের। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন আরও একটি ফেরি সংযোজন করা হলো। এছাড়া ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী আরও একটি অঙ্গীকার ছিল মোংলা পোর্ট পৌরসভার প্রধান খাল ঠাকুরানী খালটি উদ্ধার করা। ইতোমধ্যে তার কার্যক্রম শুরু হয়েছে। খালের ময়লা পরিষ্কার শেষ হয়েছে, এখন খালের জায়গা পরিমাপের কাজ চলছে। এরপর খালটি খনন করবে পানি উন্নয়ন বোর্ড। যার ফলে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এছাড়া ডেঙ্গু ও চিকনগুনিয়ার আশঙ্কা কমবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।










