ঢাকা | জুলাই ৭, ২০২৬ - ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে: সংবাদ সম্মেলনে বান্দরবান সিভিল সার্জন

  • আপডেট: Monday, July 6, 2026 - 9:36 pm

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবান সদর হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসেন চৌধুরী।

 

রবিবার (৬ জুলাই) বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, টেন্ডারে সুবিধা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি জানান, এবার প্রথমবারের মতো ই-জিপি পদ্ধতিতে টেন্ডার সম্পন্ন হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে।

 

বিল উত্তোলনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বরাদ্দ ফেরত যাওয়ার আশঙ্কায় বিল প্রস্তুত করা হলেও ঠিকাদারকে এখনো কোনো অর্থ পরিশোধ করা হয়নি। প্রায় ৯৫ শতাংশ ওষুধ ও সরঞ্জাম ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

 

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএসএম হেলথ কেয়ারের প্রতিনিধি আবু জাহিদও চার কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ অস্বীকার করে বলেন, কাজ শেষ হওয়ার আগে বিল উত্তোলনের সুযোগ নেই।

 

অন্যদিকে অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। নিরপেক্ষ তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে। এছাড়া তদন্তকালে সিভিল সার্জন সহযোগিতা করেননি, এমন প্রচারণারও কোনো সত্যতা নেই বলে তিনি জানান।