ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম

নেশা-অনলাইন জুয়ার টাকার জন্য বাবা-মাকে হত্যার অভিযোগ 

  • আপডেট: Monday, July 13, 2026 - 1:42 pm

মহাদেবপুর সংবাদদাতা।। নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ জুলাই) সকালে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, নেশা ও অনলাইন জুয়ার টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নিহতরা হলেন– পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতের খাবার খেয়ে যথারীতি দুজনে ঘরে ঘুমাতে যান। আজ ভোর ৪টার দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের ডেকে এনে ঘরের খাটের ওপর বাবা-মায়ের মরদেহ দেখায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, ছেলে মুক্তার হোসেন মাদক ও মোবাইল ফেনে অনলাইন জুয়ায় আসক্ত। নেশা ও জুয়া খেলার জন্য বাবা-মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে সে বিষাক্ত কিছু খাইয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো কিছু সেবনের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, নেশা আর অনলাইন জুয়া খেলার টাকা না পেয়ে ইতোপূর্বে ছেলে মুক্তার হোসেন তার বাবা-মাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল বলে জানা গেছে।

এলাকাবাসীর দেওয়া তথ্য মতে, দীর্ঘদিন ধরেই ছেলের সাথে মা-বাবার আর্থিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সার্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ ধারণা করছে, এটি কোনো স্বাভাবিক বা রহস্যজনক মৃত্যু নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে মুক্তার হোসেনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।