ঢাকা | মে ৬, ২০২৬ - ৯:২০ অপরাহ্ন

শিরোনাম

চন্দ্রঘোনায় কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে এলপিআরএফ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট: Wednesday, May 6, 2026 - 6:01 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে কুষ্ঠ রোগীদের ক্ষত দ্রুত নিরাময়ে আধুনিক এলপিআরএফ (LPRF) ব্যবস্থার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল ও দ্য লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দ্য লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ন্যাশনাল লিড অ্যাডভোকেসি মনিকা বিশ্বাস। তিনি বলেন, এলপিআরএফ পদ্ধতিতে রোগীর শরীরের নিজস্ব রক্তের উপাদান ব্যবহার করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে কুষ্ঠজনিত ক্ষত দ্রুত নিরাময় সম্ভব। তিনি আরও জানান, এ প্রযুক্তি সহজলভ্য করতে লেপ্রোসি মিশন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালকে প্রয়োজনীয় মেশিন ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে।

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এটি একটি আধুনিক ও সময়োপযোগী চিকিৎসা ব্যবস্থা। এর ধারাবাহিক প্রয়োগ কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে আরও কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি ডায়াবেটিস ও স্ট্রোকজনিত জটিল ক্ষত নিরাময়েও এ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতালের ক্লিনিক্যাল চিফ ডা. বিলিয়ন এ সাংমা অনুষ্ঠানে সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার, দ্য লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর মেডিকেল অফিসার ডা. মেহেরুল রিজওয়ান এবং হাসপাতালের ফিন্যান্স বিভাগের প্রধান সন্তোষ বোস।

অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং কুষ্ঠ রোগীরা উপস্থিত ছিলেন। নতুন এ চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে কুষ্ঠ রোগীদের উন্নত সেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।